মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মৌজপুর বাজারে স্থানীয় সরকার বিভাগ, উপজেলা প্রশাসন এবং আদাঐর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
কর্মসূচির শুরুতে মৌজপুর বাজার থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া এবং এর সুফল নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খুরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমেদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মীর খুরশেদ আলম বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন।”
ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া, কার্যক্রম এবং সুবিধাসমূহ তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া গ্রাম আদালত অনধিক তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ প্রদান করে থাকে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে গ্রাম আদালত বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার হিসেবে মগ প্রদান করা হয়।
আরওপড়ুন.... ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com