ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং একজন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদী ও নাউতারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা করে আসছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২০ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ডিমলা উপজেলার নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুর রহমান নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া গয়াবাড়ী ইউনিয়নে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে চালকবিহীন অবস্থায় দুটি ট্রাক্টর পাওয়া গেলে সেগুলো আইনানুগভাবে জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com