মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এই অবরোধের ফলে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে এবং রূপসা এক্সপ্রেস ডোমার স্টেশনে আটকা পড়ে।
অবরোধ চলাকালে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, "মিরজাগঞ্জ রেলস্টেশনটি আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের মানুষের যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এলাকার ব্যবসায়ীরাও এই স্টেশন ব্যবহার করে দূর-দূরান্তে মালামাল পরিবহন করেন। বর্তমানে যে ট্রেনগুলো থামে, সেগুলো ২ নম্বর লাইনে দাঁড়ানোর কারণে নিচ থেকে ঝুলে ট্রেনে উঠতে হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।" তাই দ্রুত ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তিনি।
আরেক স্থানীয় বাসিন্দা মো. হেলাল জানান, একসময় এই স্টেশনে নিয়মিত তিন-চারটি ট্রেনের যাত্রাবিরতি ছিল। সকাল ও বিকেলে ট্রেন থামলেও বর্তমানে সেই সুবিধা বন্ধ রয়েছে। তাই জনদুর্ভোগ কমাতে তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানান তিনি।
এ বিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু জানান, রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা থেকে স্টেশনে আটকা পড়ে আছে। অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরওপড়ুন...... বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com