মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ দৈনিক ক্রাইমসিনে প্রকাশিত হওয়ার পর প্রশাসন অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপলাইন অপসারণ করেছে।
জানা যায়, শিমুলঘর গ্রামের কৃষিজমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস মিয়া উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটা বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে পুনরায় মাটি উত্তোলন চলতে থাকে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এ ঘটনায় গত কয়েকদিন ধরে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নির্দেশে প্রশাসন পুনরায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মাটি পরিবহনের জন্য স্থাপন করা পাইপলাইন ভেঙে ফেলা হয়।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষিজমি থেকে গভীরভাবে মাটি কাটার কারণে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যাতে আর কেউ কৃষিজমির শ্রেণি পরিবর্তন বা অবৈধভাবে মাটি উত্তোলন করতে না পারে সে বিষয়ে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ড্রেজার পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরওপড়ুন..... মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মহাপরিচালকের কাছে লিখিত আবেদন
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com