নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন মারা গেছেন। প্রায় দেড়যুগ গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সাহসিকতার পরিচয় দেওয়া তৃণমূল নেতার প্রয়াণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শোকে স্তব্ধ।
শনিবার ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর পেয়ে ছুটে যান বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। তিনি হাসপাতালে গিয়ে তৃণমূল নেতার নিথর দেহ দেখেই আবেগাপ্লুত হন। তার স্মৃতিচারণ করে কেঁদেছেন সংসদ সদস্য।
সদ্য প্রয়াত হাফিজুর রহমান শাহীন উপজেলার বীরপলি গ্রামের বাসিন্দা। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বুড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দেশের বড় রাজনৈতিক দল বিএনপির কর্মসূচিতে তিনি তৃণমূলে সরব ছিলেন। বিগত দিনের আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে গায়েবি মামলা, হামলাসহ গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবন কাটিয়েছেন। দলের সুদিনে এসে চিরবিদায় নিলেন বিএনপি নেতা শাহীন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল সংগঠক আব্দুর রউফ রুবেল, উপজেলা শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সোনার, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা। উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের দলীয় সকল সংগঠনের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরওপড়ুন..... মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ তিন ছেলের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com