মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী: নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে ভুক্তভোগী শিশুটি পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মাসুদ করিম দৃষ্টান্তমূলক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে শিশুটি মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘর মোছার কথা বলে শিশুটিকে ভেতরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন মোখছেদ। ঘটনাটি শিশুটি তার পরিবারকে জানালে, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র এক বছরের মধ্যে সকল সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীর বাবা বলেন, "দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করায় আমরা বিচার বিভাগ ও সরকারের প্রতি কৃতজ্ঞ। এ ধরনের দ্রুত বিচার নিশ্চিত হলে সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ অনেক কমে আসবে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান খান রিনো জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মাত্র এক বছরের মধ্যে বিচারকাজ শেষ হওয়ায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরওপড়ুন...... ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com