মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন ও যুগান্তকারী অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ১০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট।
এই জনকল্যাণমূলক উদ্যোগটি বাস্তবায়িত হলে জেলার কিডনি রোগীদের চিকিৎসাব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে নীলফামারী জেলা ও এর আশেপাশের উপজেলার কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবার জন্য প্রধানত রংপুর বিভাগীয় শহর কিংবা রাজধানী ঢাকাসহ অন্যান্য দূরবর্তী স্থানে ছুটতে হতো। এতে রোগীদের শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিকভাবেও চরম ভোগান্তির শিকার হতে হতো। অনেক গরিব ও অসহায় রোগী যাতায়াত ও চিকিৎসাব্যায়ের উচ্চমূল্যের কারণে নিয়মিত ডায়ালাইসিস করাতে ব্যর্থ হতেন।
নতুন এই ১০ শয্যার ইউনিট চালু হওয়ার ফলে রোগীরা এখন স্থানীয় পর্যায়েই খুব কম খরচে বা সাশ্রয়ী মূল্যে জীবনরক্ষাকারী এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ফলে রোগীদের যাতায়াত কষ্ট ও আর্থিক সাশ্রয় দুটোই নিশ্চিত হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডায়ালাইসিস ইউনিটটি সচল রাখতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং টেকনিক্যাল প্রস্তুতি শেষের পথে। দক্ষ চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে ইউনিটটি পরিচালিত হবে, যাতে রোগীরা উন্নত মানের চিকিৎসা সেবা পান।
নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ইউনিট চালুর খবরে জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও সচেতন মহলে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
খুব শীঘ্রই উদ্বোধন হতে যাওয়া এই কিডনি ডায়ালাইসিস ইউনিটটি নীলফামারী জেলার স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
আরওপড়ুন....... সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com