প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১০:৩২ এ.এম
বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ

মাধবপুর সংবাদদাতা :
বিশ্ব শিক্ষক দিবসে হবিগঞ্জের মাধবপুরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে হত্যার হুমকি ও তাঁর বসতবাড়ির রান্নাঘরের টিনের চাল ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত (৮০) সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নিরোধ চন্দ্র দত্তের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। বাড়ির সীমানা প্রাচীরের গেট বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে না পেরে রান্নাঘরের টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় নিরোধ চন্দ্র দত্তের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে হত্যার হুমকি দিয়ে চলে যান।
অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্তের দাবি, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা আগে থেকেই তাঁকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তাঁর অভিযোগ, ওই গ্রুপের সদস্যরা এলাকায় চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন