
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা বাজারে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়ম ও ওজনে কারচুপির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মাধবপুর পৌরসভা বাজারে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৪৬ ধারায় বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে প্রথা ফুড কোম্পানির মালিক হরিপালকে ২৫ হাজার টাকা, অন্তর স্টোরের মালিক রায়হানকে ১০ হাজার টাকা এবং পূজা কসমেটিক্সের মালিক গোবিন্দকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো, পণ্যের সঠিক মোড়ক ও মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভোক্তাকে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম পণ্য সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে ৯টায় জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরওপড়ুন....... নন্দীগ্রামে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com