মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে শুরু হয়েছে আগাম জাতের আলু উত্তোলনের উৎসবমুখর সময়। মাঠ থেকে আলু তোলা, বাছাই করা এবং বস্তাবন্দী করার কাজে এখন চরম ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া এবং সময়মতো সঠিক পরিচর্যার ফলে এবার আগাম আলুর বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন খেত ঘুরে দেখা গেছে, কৃষকরা অত্যন্ত আনন্দিত মনে জমি থেকে আলু তুলছেন। উৎপাদিত আলু উত্তোলনের পর ক্ষেতেই চলছে গ্রেডিং বা আকার অনুযায়ী আলাদা করার কাজ। এরপর তা বিক্রির জন্য প্লাস্টিক ও চটের বস্তায় ভরা হচ্ছে। বাজারে বর্তমানে প্রতি কেজি নতুন আগাম আলু ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে আলুর চাহিদা ও চড়া দাম দুটোই বেশ ভালো থাকায় দারুণ সন্তুষ্ট চাষিরা।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বাজারে নতুন আলুর এই চড়া দাম পাওয়ার কারণে বিগত বছরের লোকসান পুষিয়ে এবার লাভের মুখ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। পাইকার ও ব্যবসায়ীরা সরাসরি জমি থেকেই বস্তাবন্দী আলু কিনে নিচ্ছেন, ফলে কৃষকদের যাতায়াত খরচ ও দুশ্চিন্তা দুটোই অনেক কমে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষন জানান, সঠিক সময়ে আগাম আলু চাষ করতে পারলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা সবসময়ই আর্থিকভাবে লাভবান হন। কিশোরগঞ্জের এই আগাম আলু চাষ গ্রামীণ অর্থনীতিতে এক ইতিবাচক গতির সঞ্চার করেছে।
আরওপড়ুন...... মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com