প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ৭:৫৬ এ.এম
মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানের মাধ্যমে আনা ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে এসব জিরা ও ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার মুজাহিদ (২৪), একই জেলার চৌগাছা উপজেলার যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার মারুফ আহমদ (১৯)। পলাতক ব্যক্তির নাম শুভ্র দাশ (৪৫)। তিনি সিলেটের কোতোয়ালি থানার উপশহর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিলেট থেকে হলুদ রঙের একটি ট্রাকে করে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় জিরা ঢাকার দিকে নেওয়া হচ্ছে।
পরে পুলিশ মহাসড়কের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে চেকপোস্ট বসায়। সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন ট্রাকটি আটক করা হলে ট্রাক থেকে চারজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যান।
পরে আটক ব্যক্তিদের দেখানো মতে ট্রাক তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের হলুদ রঙের ট্রাকটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা জিরার বৈধ কোনো আমদানি বা ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তিরা। জিজ্ঞাসাবাদে তারা পলাতক শুভ্র দাশের নাম প্রকাশ করেন। তাদের দাবি, শুভ্র দাশসহ পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে জিরা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক শুভ্র দাশকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি/২৫-ডি ধারায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো সোহেল রানা।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন