প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৬, ৭:১৬ এ.এম
মাধবপুরে পানির ফিল্টারের ভেতর লুকানো ১৯২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মিনি পিকআপ জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৮টার দিকে মাধবপুর থানার এসআই প্রদীপ দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুশান পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি পিকআপ তল্লাশি করে পানির ফিল্টারের ভেতর থেকে মোট ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের রায়চরণ দাসের ছেলে রিপন দাসকে (৩২) আটক করা হয়। এ ঘটনায় পূর্ব মাধবপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্নত আলীর ছেলে সৈয়দ মিয়া পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
মাধবপুর থানার তদন্ত ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১৯২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে মাধবপুর থানা পুলিশের অবস্থান কঠোর। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন