ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের- মাধবপুর উপজেলায় - পাথরবোঝাই ট্রাকে করে পাচারের সময় প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
হবিগঞ্জ- ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়-শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল মাধবপুর উপজেলাধীন ঢাকা–সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা -চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন পাথরবোঝাই ট্রাক এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ (MELANOCYL) উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে বহন করা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক হিসাবে জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। অবৈধভাবে আনা এসব ভারতীয় পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান
আরও জোরদার করা হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com