প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১২:২৭ পি.এম
মাধবপুরে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার গাঁজা ও অবৈধ কসমেটিকস জব্দ
ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস সামগ্রী ও গাঁজা জব্দ করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় একটি ট্রাক তল্লাশি করে ধানের তুষ ভর্তি বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহল দল খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন