মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও-কালিকাপুর গ্রামে মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় যুবকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন একটি মাদকবিরোধী সংগঠনের তিন সদস্য। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় যুবক ও সংগঠনের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের তরুণদের উদ্যোগে গঠিত ‘নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংঘ’ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। সংগঠনটি নিয়মিত সমাবেশ, প্রচারণা এবং মাদকসেবীদের আড্ডাস্থল উচ্ছেদসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
অভিযোগ রয়েছে, শুক্রবার (১২ জুন) সকালে সংঘের সদস্য শিমুল (১৯), নাহিদ (২০) ও সায়মন (২৫)-কে একা পেয়ে একই গ্রামের নুরুল হক বাহিনীর লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংঘের সদস্য ও স্থানীয় যুবকরা বিক্ষোভ মিছিল বের করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এ সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নুরুল হকের কথিত মাদকসেবীদের একটি আড্ডাস্থলও উচ্ছেদ করা হয়।
সংগঠনের সভাপতি জাবেদ মিয়া বলেন,
“আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। গ্রামকে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাদের সদস্যদের ওপর হামলা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তিনি আরও অভিযোগ করেন, মাদকসংক্রান্ত বিষয়ে পুলিশকে অবহিত করলেও অনেক সময় প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায় না।
এ বিষয়ে স্থানীয় এপিপি অ্যাডভোকেট সাজেদুর রহমান বলেন,
“মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
তবে অভিযোগের বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,“এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযানে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাঁও-কালিকাপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরওপড়ুন..... বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com