ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থী শিশুর ছুরিকাঘাতে আরেক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে আলহাজ্জাহ ইয়ামিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার রান্না ঘরের পাশে শিক্ষার্থী মো. এহসানুল হক নাবিল (১৩) এর সঙ্গে অপর শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফি (৮)-এর তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাবিল রান্না ঘরে থাকা পেঁয়াজ–মরিচ কাটার ছুরি দিয়ে রাফিকে একাধিকবার আঘাত করে। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
নিহত রাফি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অপরদিকে অভিযুক্ত নাবিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত এহসানুল হক নাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com