মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে জেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মুখলিছুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এক উঠোন বৈঠকে অংশ নিতে ওই এলাকায় যান জেলা জামায়াতের আমীর। বৈঠকে বক্তব্য দিতে চেয়েছিলেন ফিরোজ মিয়ার পুত্র সেলিম মিয়া (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। বক্তব্যের সুযোগ না পেয়ে ক্ষোভে বৈঠকস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্ক করা গাড়ির সামনে গিয়ে ইট নিক্ষেপ করে সামনের গ্লাস ভেঙে ফেলে সে।
ঘটনার সময় গাড়ির চালক খাবার সংগ্রহের জন্য বৈঠকস্থলে ছিলেন। সুযোগ পেয়ে সেলিম মিয়া ওই ভাঙচুরের ঘটনা ঘটায় বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, “সেলিম বিদেশে ছিল, দেশে ফিরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি।”
এ ঘটনায় জেলা জামায়াতের আমীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তবে জেলা সেক্রেটারি মহসিন আহমেদ ঘটনাটিকে পরিকল্পিত হিসেবে দাবি করেছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি, সেলিম নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক গাড়িটি ভাঙচুর করেছে। তাকে পূর্বেও চিকিৎসা নিতে হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।”
আরওপড়ুন....নন্দীগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর তাগিদ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com