আশীষ দাশ গুপ্ত লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পূর্ব গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জেরে লাখাই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে ৩ জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার সহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক, ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র সহ একটি দল পুলিশ অভিযান চালায়।
পুলিশ জানায়, গত রোববার (২৮ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব মোড়াকরি গ্রামে আফজাল মিয়া ও মহরম আলী মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে উভয় পক্ষের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় আফজাল মিয়ার পক্ষ থেকে মো. হেলাল মিয়া (৩০) ও আক্তার আলী (৪৫) এবং মহরম আলী মেম্বারের পক্ষ থেকে তিতু মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। এছাড়া তল্লাশিকালে মারামারিতে ব্যবহৃত ১০টি ফিকল, ১১০টি বাঁশের চুকানো লাঠি, ৪টি লোহার কোচা, ৬টি লোহার শাবল এবং ৪টি দা উদ্ধার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com