প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:৩৭ এ.এম
হবিগঞ্জ–৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়নপত্র সংগ্রহ

হবিগঞ্জ–৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়নপত্র সংগ্রহ
ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কমিশনার আবু লায়েশ দুলালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, এ মনোনয়ন দলীয় নেতৃত্বের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ মো. ফয়সলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
সৈয়দ মো. শাহজাহান বলেন, সৈয়দ মো. ফয়সল একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে একটি সমৃদ্ধ, উন্নত ও আধুনিক জনপদে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান খাতে দৃশ্যমান উন্নয়ন সাধনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে এ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন