মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
‘সাম্য ও সমতায় দেশ, গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সমবায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য ও কালব শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অপরিসীম। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলার ওপর জোর দেন তারা।
অনুষ্ঠান শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে কালব শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধানের হাতে সম্মাননা স্মারক ও শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয়।
আরওপড়ুন....... ডিমলার তিস্তার বাঁধ ঘেঁষে চলছে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে এলাকাবাসী নির্বিকার প্রশাসন!
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com