
শুয়েব আহমদ মাধবপুর সংবাদদাতা :
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক চা শ্রমিক, শিক্ষার্থী ও স্থানীয় যুবক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা গীতা রানি কানু।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও চা শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রচলিত মজুরিতে একটি শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এ কারণে জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর করার দাবি জানান তারা।
এ ছাড়া শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন, সংগঠনের কার্যক্রমে প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবিও জানান বক্তারা। তাদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার আরও সুসংহত হবে এবং তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচিত করার সুযোগ পাবেন।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে চা বাগানের বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় তারা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে দেশের চা বাগানগুলোতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, কর্মসূচিটির আয়োজন করে বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবক।
আরওপড়ুন....... শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com