রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযুদ্ধের সময়কার বলে উল্লেখ করা একটি রকেট লঞ্চার হাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউস সামাদ বাবুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের পর এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে ছবিটি প্রকাশ করেন আতাউস সামাদ বাবু। পোস্টে তিনি দাবি করেন, তাঁদের বাড়ির পাশের জমিতে হালচাষ করার সময় এখনো মাঝেমধ্যে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, তাঁর দাদা রমজান আলী সর্দার মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং তাঁদের বাড়িতে মুক্তিযুদ্ধের সময় ক্যাম্প ছিল। তাঁর বাবা ১৯৬৯ সালের ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে আতাউস সামাদ বাবু আরও লেখেন, ১৯৭১ সাল তাঁদের সাহস ও চেতনার উৎস। তবে তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেন না বলেও মন্তব্য করেন তিনি।

ছবিটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, “প্রথমে রকেট লঞ্চারের ছবি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল, দেশে নতুন করে যুদ্ধ শুরু হলো নাকি! পরে জানতে পারি, তাঁদের এলাকায় মুক্তিযুদ্ধের সময় ক্যাম্প ছিল। জমি চাষ করতে গিয়ে এ ধরনের জিনিস পাওয়ার বিষয়টি সামনে আসা গুরুত্বপূর্ণ।”
এ বিষয়ে আতাউস সামাদ বাবু বলেন, “মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকা উচিত। আমাদের এলাকায় প্রায়ই এ ধরনের জিনিস পাওয়া যাচ্ছে।”
এদিকে, রকেট লঞ্চারটির প্রকৃত পরিচয়, এটি কোথায় পাওয়া গেছে এবং বর্তমানে এর নিরাপত্তা পরিস্থিতি কী—তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com