মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা ও ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফল ও মিষ্টির দোকানে অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে সোনামুখী বাজারের আব্দুল কাইয়ুম ফল ভাণ্ডার ও মিষ্টির দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দোকানের খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ এবং সামগ্রিক পরিচ্ছন্নতার বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে সচেতন হওয়া জরুরি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারগুলোতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
আরওপড়ুন..... গোপালগঞ্জে বন্ধই থাকছে ট্রেন চলাচল ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com