
তানভীর আহমেদ সায়াদ, গোপালগঞ্জ সংবাদদাতা :
গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলার বিভিন্ন সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থও স্থগিত রাখা হয়েছে।
১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জেলায় চলাচলকারী পাঁচটি ট্রেন বর্তমানে বন্ধ আছে।
এদিকে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে থানাগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে এসব থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। তবে সংস্কারকাজ এখনো শুরু হয়নি।
অন্যদিকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় কিস্তির অর্থ আপাতত ছাড় করা হবে না।
সর্বশেষ ২৩ নভেম্বর গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানিয়েছেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হতে সময় লাগবে। একইভাবে ট্রেন চলাচল চালুর বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।