
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৭৪ জন বালক ও ৯৭৬ জন বালিকা। কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেজিতে ৩০৪ জন, প্রথম শ্রেণিতে ৩৪০ জন, দ্বিতীয় শ্রেণিতে ২৫৭ জন, তৃতীয় শ্রেণিতে ২৫৬ জন, চতুর্থ শ্রেণিতে ২৮২ জন এবং পঞ্চম শ্রেণিতে ৩১১ জন শিক্ষার্থী ছিল।
কেন্দ্রভিত্তিক শিক্ষার্থীর মধ্যে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৪৪ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১৩ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৫৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল হক মির্জার তত্ত্বাবধানে তিনটি কেন্দ্রে পৃথক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষা পরিচালনা করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।##
আরওপড়ুন…. মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ তিন ছেলের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা