
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামী মামুন মিয়াকে (৩২) পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন । সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রেফতার তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে শনিবার বিকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীকে হত্যাচেষ্টার ঘটনায় জবানবন্দি দেন মমতা বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাঁকে প্রথম শ্রেণির বিচারিক হাকিম তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা স্বীকার করেন, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে মামুনের শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। তাঁর দাবি, বিয়ের পর থেকেই মামুন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।
গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার দিন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে মামুনের স্ত্রী মমতা বেগম কে আসামী করে ২০ নভেম্বর থানায় মামলা করেন। মামুনের স্ত্রীকে একই দিন গ্রেফতার করা হয়। আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানা বলেন মামলাটির ধারা পরিবর্তন হয়ে হত্যা মামলা হবে। দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে।
আরওপড়ুন…. ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—হুমকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার