মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাইকরতলি গ্রামের ওষুধ ব্যবসায়ী মামুন হোসেন হিটলার দাবি করেছেন, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে মাইজবাড়ি গ্রামের জামাল ফকিরের পুত্র লিখন ও তার ভাড়াটে লোকজন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হিটলার। তিনি জানান, বালু ব্যবসায়িক কাজে তিন লাখ টাকা লিখন তার কাছ থেকে ধার নেয়। নির্ধারিত সময় পার হলেও লিখন টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে।
হিটলার অভিযোগ করেন, গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় তাকে মোবাইল ফোনে ডেকে ধুনট উপজেলার মাধবডাঙ্গা মোড়ে নিয়ে যায় লিখন। সেখানে তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার পর ওত পেতে থাকা সাত-আটজন ভাড়াটে লোক হিটলারের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
রাতেই স্বজনরা হিটলারকে বগুড়ার ইসলামিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথায় চার থেকে পাঁচটি সেলাই দেওয়া হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে হিটলার বলেন, “লিখন ও তার লোকজন পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি ধুনট থানায় লিখনসহ হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। প্রশাসনের কাছে আমি সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রার্থনা করছি।”
এ বিষয়ে ধুনট থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরওপড়ুন ...লাখাইয়ে পুরোনো ডিলারদের সিন্ডিকেটে সারের কৃত্রিম সংকট, বিপাকে কৃষক
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com