
ক্রাইমসিন ডিজিটাল সংবাদ :
নিজ কার্যালয়ে বসে রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের একটি ‘ঘুষ গ্রহণের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ জুন) তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে রোববার রাতে ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে একটি টাকার খাম গ্রহণ করেন। খামটি নেওয়ার পর তিনি টেবিলের নিচে নিয়ে টাকা (যার অধিকাংশই এক হাজার টাকার নোট) বের করেন। একপর্যায়ে নোটগুলো দ্রুত গণনা শেষে নিজের মানিব্যাগে রাখেন। এ সময় খুশি হয়ে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে থাকেন তিনি। পরে টেবিলের ওপরে থাকা লাল রঙের একটি খাতার লেখা ওই খামদাতাকে দেখান।
রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের এক সাংবাদিকের ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিওটি পোস্ট করা হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্তব্যের ঘরে।
তবে ওই পুলিশ কর্মকর্তা যার কাছ থেকে খাম নিয়েছেন, তাকে দেখা বা শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দ বন্ধ রাখা হয়েছে।
কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘কে, কখন ও কীভাবে ভিডিও করেছে, বুঝতে পারছি না ভাই, অনেকে রেশন নিয়ে এর টাকাও দেয়।’
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি নজরে আসার পর সোমবার ওই পুলিশ কর্মকর্তাকে বাগমারা থানা থেকে রাজশাহী পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
আরওপড়ুন…….. সরকারি চাকরিজীবীরা চরম উৎকণ্ঠায় নতুন বেতন কাঠামো নিয়ে
Subscribe to get the latest posts sent to your email.