
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন—কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে সামিউল হক (২৫) এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে সামছুল ইসলাম (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে কাজ করার সময় হঠাৎ কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে সোহেল রানা, সামিউল হক ও সামছুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরওপড়ুন…..