
মাহমুদুল হাসান শুভ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে প্যারেন্টস ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল।
তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের চাহিদা ও শিক্ষার ধরন পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। পাশাপাশি শিক্ষকদের হতে হবে দায়িত্বশীল ও সৃজনশীল। একজন শিক্ষকের সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। তিনি বলেন, মুনলাইট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অভিভাবকদের বিভিন্ন মতামত, পরামর্শ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন প্রতিষ্ঠানের পরিচালক মোখলেছুর রহমান। তিনি অভিভাবকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইংরেজি বিভাগের শিক্ষক সিদ্দিক ইবনে নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষার্থী ও অভিভাবক এবং শিক্ষক আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান, আলমগীর হোসেন, শারমিন আক্তার, নাজমা আক্তার, সাদিয়া ও নুসরাত পারভীন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
আরওপড়ুন…. আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু, বাগানে উৎসবের আমেজ