
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েও দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন রফিকুল ইসলাম। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে থানা পুলিশের জালে ধরা পড়েছেন এই পলাতক আসামি।
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সদরে গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত রফিকুল নন্দীগ্রামের ভাটগ্রাম এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, একটি জিআর মামলায় বিজ্ঞ আদালত রফিকুলকে ৫০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজা ঘোষণার পর থেকেই রফিকুল পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, বিশেষ অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরওপড়ুন…… মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা