
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে এজমালি পুকুর থেকে ড্রেজার দিয়ে গভীর করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পুকুরসংলগ্ন কৃষিজমি, বসতবাড়ি এবং মসজিদের জমি ভেঙে পুকুরের মধ্যে বিলীন হওয়ার আশঙ্কা করছেন কয়েকটি পরিবারের সদস্যরা। বালু উত্তোলন বন্ধ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন তারা।
১ অক্টোবর বৃহস্পতিবার মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে উপজেলার ঘিলাতলী গ্রামের মো. রোমান মিয়া অভিযোগ করেন, তাদের পরিবারের জমির সঙ্গে থাকা এজমালি পুকুর থেকে এর আগেও দুই দফা ড্রেজার দিয়ে পুকুর গভীর করে বালু উত্তোলন করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বালু উত্তোলনের ফলে পুকুরসংলগ্ন তাদের পরিবারের কৃষিজমি, বসতবাড়ির এবং মসজিদের জমির কিছু অংশ ইতোমধ্যে ভেঙে পুকুরের মধ্যে বিলীন হয়ে গেছে। গত ৩০ সেপ্টেম্বর আবারও ওই এজমালি পুকুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আবেদনকারী।
রোমান মিয়া আরও অভিযোগ করেন, নতুন করে বালু উত্তোলন করা হলে পুকুরের সঙ্গে লাগোয়া কৃষিজমি ও বসতবাড়ি এবং মসজিদের জমি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়দের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
আবেদনে আরও দাবি করা হয়, বালু উত্তোলনে বাধা দিলে বিবাদীপক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এমনকি মারামারি, হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানোরও অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মোস্তফা কামাল সুমন বলেন, “পুকুরটি আমাদের মালিকানাধীন জায়গায়। আমরাও ইউএনওর কাছে গিয়েছি। মাটি তুলে বাড়ির কাজ করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে না।”
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, “ওই এলাকার ওয়ার্ড ইউপি সদস্যকে নির্দেশনা দিয়েছি। আমাদের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করব।”
এ বিষয়ে মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় বলেন, “শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় আবেদনকারী মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি সরেজমিন তদন্ত করে এজমালি পুকুর থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে ওই পুকুর থেকে বালু উত্তোলন করা না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আরওপড়ুন…… মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজারসহ সরঞ্জাম