
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
বৃদ্ধ বয়সে যে মা-বাবার সন্তানের সেবা-যত্ন পাওয়ার কথা, সেই অসুস্থ মা-বাবার দিন কাটছে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে। বসতভিটার জমি ছেলেদের নামে লিখে দেওয়ার পর ভরণপোষণ, চিকিৎসা ও দেখাশোনা না করার অভিযোগ উঠেছে তাঁদের তিন ছেলের বিরুদ্ধে।
ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়নের মধ্য আফজালপুর গ্রামের। ভুক্তভোগী মা-বাবা হলেন মো. আবু সায়েদ ও জরিনা খাতুন।
অভিযোগকারী মা-বাবার দাবি, তাঁদের তিন ছেলে আবু কালাম, আবুল খায়ের ও সালামের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের বসতভিটার জমি তাঁদের নামে লিখে দিয়েছেন। কিন্তু জমি পাওয়ার পর থেকেই ছেলেরা মা-বাবার ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন। এমনকি অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও দৈনন্দিন খরচ থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অসহায় এই মা-বাবার আকুতি, জীবনের শেষ সময়ে অন্তত দুবেলা খাবার, প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপদে বসবাসের নিশ্চয়তা চান তাঁরা।
এদিকে, তিন ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অসহায় মা-বাবার ভরণপোষণ, চিকিৎসা ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আরওপড়ুন…. মাধবপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে তিন সংগঠনের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম