
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গ্রামীণ পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে জনগণকে অবহিত করতে গাইবান্ধায় স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান।
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মুক্তার আলম গ্রাম আদালতের উদ্দেশ্য, কার্যক্রম, এখতিয়ার এবং জনগণের কাছে এ সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির সুযোগ থাকায় গ্রাম আদালত সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয়ে সহায়ক হতে পারে। তবে এ সেবা সম্পর্কে অনেক মানুষের পর্যাপ্ত ধারণা না থাকায় ইউনিয়ন পর্যায়ে আরও ব্যাপক প্রচার প্রয়োজন।
তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি হলে একদিকে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে, অন্যদিকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাতে বিভিন্ন প্রচার কৌশল, সচেতনতামূলক কর্মসূচি এবং স্থানীয় অংশীজনদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরওপড়ুন….. সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল