
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের ডিলার হিসেবে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, খাদ্যবান্ধব কর্মসূচির ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের একজন ডিলার। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সরকারি বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করে আসছি।
সম্প্রতি একটি চক্র আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার বিরুদ্ধে ফেসবুক ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং ডিলারশিপ বাতিল করানোর হুমকি দেওয়া হয়।
গত ১৬ সেপ্টেম্বর চাল বিতরণ কার্যক্রম শেষ করে চিকিৎসকের পরামর্শ নিতে আমি ব্রাহ্মণবাড়িয়ায় যাই। ১৭ সেপ্টেম্বর বাড়িতে ফিরে জানতে পারি, আমার অনুপস্থিতির সুযোগে ওই চক্রের লোকজন শাহপুর বাজারে একটি পিকআপ ভ্যান নিয়ে আমার বিরুদ্ধে একটি সাজানো ঘটনা তৈরি করে অপপ্রচার চালিয়েছে এবং বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে গেলে অভিযোগকারী ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়নি। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে কোনো গাড়ি বা চাল দেখতে পাননি। স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনও তদন্ত কমিটির কাছে প্রকাশিত অভিযোগের সত্যতা নেই বলে জানিয়েছেন।
অতএব, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।
একই সঙ্গে এ ধরনের মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
প্রতিবাদকারী
মো. জাহাঙ্গীর আলম ভূইয়া
ডিলার, খাদ্যবান্ধব কর্মসূচি
৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়ন, মাধবপুর, হবিগঞ্জ।
আরওপড়ুন….. বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট