
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের চুরি-ডাকাতি প্রতিরোধে নীলফামারী ও ডোমার থানা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীর জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থানা প্রাঙ্গণে এ সভা আয়োজিত হয়।
নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (পিপিএম-সেবা)-এর সার্বিক আয়োজন ও পরিকল্পনায় আয়োজিত এই সভায় নীলফামারী ও ডোমার এলাকার জুয়েলার্স মালিক, মোবাইল ফোন শোরুম ব্যবসায়ী, আবাসিক হোটেলের ব্যবস্থাপক এবং স্থানীয় বাজার কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় ব্যবসায়ী ও বাজার এলাকার সার্বিক সুরক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত সচল রাখা এবং রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা। যেকোনো সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ থানাকে অবহিত করা। নাইট গার্ড বা নৈশপ্রহরীদের নজরদারির আওতায় নিয়ে আসা এবং পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।পুলিশ, ব্যবসায়ী ও বাজার কমিটির মধ্যে দ্রুত যোগাযোগের উদ্দেশ্যে একটি বিশেষ ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’ চালু করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ ব্যবসায়ীদের বিভিন্ন স্থানীয় সমস্যা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় দেওয়ান শাহিন জামান, সংশ্লিষ্ট থানার বিট অফিসার, সহকারী বিট অফিসার, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরওপড়ুন….. লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ