
অনলাইন সংবাদ :
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে চুনারুঘাট বাজারে অনুষ্ঠিত বিএনপির গণমিছিল ও নির্বাচনী সভা এক মহাসমাবেশে রূপ নেয়। দুপুর থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করলে বিকেলের আগেই পুরো বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার হাজারো মানুষ অংশ নেন।
দুপুরের পর থেকেই বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চা-বাগান ও পাহাড়ি জনপদ থেকে মিছিলযোগে মানুষ সমাবেশস্থলে আসতে থাকে। ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। নারী–পুরুষ, যুবক–যুবতী, কৃষক, শ্রমিক, দিনমজুর ও চা-বাগান এলাকার কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ গণমিছিল উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, “এখন সময় এসেছে রাষ্ট্র কাঠামো সংস্কার ও ৩১ দফা প্রতিষ্ঠার। জনগণের অধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা ও মুক্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নিজের রাজনৈতিক অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, “হবিগঞ্জ-৪ আসনে আমি চারবার বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেছি। বিজয়ী হতে না পারলেও কখনো মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হইনি। চুনারুঘাটের উন্নয়নে সবসময় কাজ করেছি এবং আগামীতেও করবো। এবার আপনাদের দ্বারস্থ হয়েছি—আমাকে নিরাশ করবেন না।”
যুবসমাজের সমস্যা তুলে ধরে ফয়সল বলেন, “যুবশক্তিকে কাজে লাগানোর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বেকারত্ব দূর করা হবে অগ্রাধিকারভিত্তিতে।”

তিনি আরও উল্লেখ করেন, চুনারুঘাট ও মাধবপুরে মোট ২৩টি চা-বাগান রয়েছে, যেখানে হাজারো শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “চা-বাগানে পানি, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ নানা মৌলিক সমস্যা সমাধান করা হবে অগ্রাধিকারভিত্তিতে। আপনারা আমাদের আপনজন—আমার অহংকার।”
মাধবপুর চুনারঘাটের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশে আপনাদের ওপর জুলুম-নির্যাতনের কোনো সুযোগ নেই। আপনারা স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করতে পারবেন। বিএনপি সবসময় আপনাদের পাশে রয়েছে।”
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
গণমিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন ইউনিয়ন থেকে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা যোগে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। তরুণদের অংশগ্রহণ, নারীদের উপস্থিতি এবং প্রবীণ সমর্থকদের উৎসাহ পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। চা-বাগানের শ্রমিকরাও পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
গণমিছিল শেষে নির্বাচনী সভা শুরু হলে পুরো বাজার এলাকা দর্শকে ঠাসা হয়ে পড়ে। নেতাকর্মীদের স্লোগান, উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে চুনারুঘাট উপজেলা। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এ গণমিছিল আসন্ন জাতীয় নির্বাচনে নতুন মোড় তৈরি করবে এবং জনগণের আস্থা তাদের পক্ষে আরও দৃঢ় করবে।
Subscribe to get the latest posts sent to your email.