
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এবং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় রঘুনন্দন ছড়া থেকে দিন-রাত প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছড়ার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে অবৈধ উত্তোলন কেন্দ্র। শ্রমিকদের মাধ্যমে ছড়া থেকে বালু তুলে আশপাশের ফাঁকা জায়গায় স্তুপ করে রাখা হচ্ছে। পরে সুযোগ বুঝে ট্রাকযোগে এসব বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, পুরো কার্যক্রমটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই চক্রের নেতৃত্বে রয়েছেন হরিতলার হেলাল মিয়া, খলিল মিয়া এবং রশিদ মেম্বারের ছেলে শামীম মিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হেলাল, খলিল ও শামীমসহ প্রায় ২০-২৫ জনের একটি দল নিয়মিতভাবে ছড়াটি থেকে বালু উত্তোলন করছে। তাদের প্রভাব ও ভয়ভীতির কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি ও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসী আরও জানান, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন ও পাচার হচ্ছে বলে তাদের দাবি। ছড়ার বিভিন্ন স্থানে বালুর বড় বড় স্তূপ দেখা গেছে, যেখান থেকে নিয়মিত ট্রাক বোঝাই করে বালু সরিয়ে নেওয়া হচ্ছে।
পরিবেশ সচেতন মহল বলছে, এভাবে নির্বিচারে বালু উত্তোলন চলতে থাকলে ছড়ার স্বাভাবিক গতিপ্রকৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে করে পাহাড় ও ছড়ার ভারসাম্য নষ্ট হয়ে ভাঙন, জলপ্রবাহের পরিবর্তন এবং ভূমিধসের ঝুঁকি বেড়ে যেতে পারে। বর্ষা মৌসুমে এর প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের জোর দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত সময়ের মধ্যে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরিবেশের অপূরণীয় ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয় জনজীবনও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
আরওপড়ুন….. শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি
Subscribe to get the latest posts sent to your email.