
মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে একটি জ্ঞানভিত্তিক ও মননশীল সমাজ গড়ে তোলার এক মহৎ উদ্দেশ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘উপজেলা পাবলিক লাইব্রেরী’।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে এই পাবলিক লাইব্রেরীটির শুভ উদ্বোধন করেন জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “একটি আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের এই পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে জলঢাকার শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম তাদের মেধা ও মনন বিকাশের এক দারুণ সুযোগ পেল।” তিনি লাইব্রেরীটিকে সঠিকভাবে পরিচালনা এবং এর সঠিক সদ্ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরওপড়ুন…… মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই