
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র পরিবারে তাৎক্ষণিক সহায়তায় তৎপর উপজেলা প্রশাসন। জরুরি খাদ্য সংকট দূর করতে সরকারের মানবিক উদ্যোগের সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগীরা। ইতোমধ্যে উপজেলার শতাধিক পরিবার বিনামূল্যে শুকনো খাবার পেয়েছে। জেলা প্রশাসন থেকে আরও খাদ্য সহায়তা বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম জানান, প্রাকৃতিক দুর্যোগে গ্রামীণ জনপদের ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজখবর রাখছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। দুর্ভোগের কথা শুনছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ পর্যন্ত দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত খাদ্যের প্রতিটি প্যাকেজে রয়েছে ১০ কেজি চাল, দেশীয় মসুর ডাল, লবন, চিনি, তেল, মরিচের গুঁড়া, হলুদ ও ধনিয়া গুঁড়া। গত অর্থ বছরের বরাদ্দে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ১৫টি করে শুকনো খাবারের ৭৫টি প্যাকেট বরাদ্দ পেয়েছে। বুড়ইল, সদর, ভাটরা, থালতা মাঝগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়নের অসহায় জনগোষ্ঠীর জন্য উপজেলা প্রশাসনের সংরক্ষিত আরও ৭৫ প্যাকেট বিতরণ করা হয়েছে। যেকোনো দুর্যোগে জরুরি খাদ্যসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে।
থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, ক্যান্সার রোগী, প্রতিবন্ধী, বিদ্যুৎপৃষ্টে গুরুতর অসুস্থ, বিধবাসহ খাদ্য সংকটে থাকা পরিবারে শুকনো খাবার পৌঁছে দিয়েছি। উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। তিনি জানান, গ্রামীণ জনপদের অসহায় পরিবারের নিয়মিত খোঁজ নিচ্ছেন সংসদ সদস্য মোশারফ হোসেন। ক্যানসার, কিডনি সমস্যাসহ জটিল রোগে আক্রান্ত মানুষের পাশেও দাঁড়াচ্ছেন। ঢেউটিন, খাদ্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন।
ভাটরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান জানান, পাঁচটি ইউনিয়নে বরাদ্দকৃত ৭৫টি শুকনো খাবার প্যাকেজের ১৫টি পেয়েছি। ইউনিয়নের ১১জন ইউপি সদস্য নিজেদের ওয়ার্ডে একটি করে পরিবারে সহায়তা পৌঁছে দিয়েছে। মির্জাপুর বামন গ্রামের হিন্দু ধর্মাবলম্বী অসহায় একটি পরিবার, বেলঘড়িয়া এলাকাসহ চারটি পরিবারে সরেজমিনে গিয়ে শুকানো খাবার পৌঁছে দিয়েছি।
এ প্রসঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় যেকোনো পরিস্থিতিতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। সরকারি উদ্যোগের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মানবিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া আছে।
আরওপড়ুন……. বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি