
অনলাইন সংবাদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন হবিগঞ্জ–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, “কোনো শক্তিই শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে পারবে না।”
মঙ্গলবার বিকেলে চৌমুহনী বাজারে চৌমুহনী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি জানান, এই ৩১ দফার মূল বিষয়গুলো হলো—গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাহী ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচন কমিশনের সংস্কার, মানবাধিকার সুরক্ষা, প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে দ্রুত প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা ব্যর্থ করতে সবাইকে সজাগ থাকতে হবে।”
তার অভিযোগ, গত ১৭ বছর ধরে জনগণ বাস্তবে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ নিজেদের ভোটাধিকার নিজেরাই প্রয়োগ করবেন।

ফয়সল প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়নসহ সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, নির্যাতন বা অত্যাচার বন্ধ করা হবে। বিএনপির নীতি—মানুষ মানুষের জন্য।”
মাধবপুর ও চুনারুঘাট অঞ্চলের সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ, নারীদের স্বাবলম্বী করা, চা-বাগানসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “ধানের শীষে ভোট দিন—আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Subscribe to get the latest posts sent to your email.