
হাবিবুর রহমান নোমান-বাহুবল(হবিগঞ্জ)থেকে:
হবিগঞ্জের বাহুবল উপজেলার গুহারুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত প্রায় ৯টার দিকে হঠাৎ করেই গ্রামটিতে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। এতে অন্তত সাতটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশায় পড়ে নিঃস্ব হয়ে পড়েছে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের জরুরি সহায়তা প্রত্যাশা করেছেন।
আরওপড়ুন….ঈদুল ফিতরে দেশবাসীকে এমপি সৈয়দ মো. ফয়সলের শুভেচ্ছা
Subscribe to get the latest posts sent to your email.