
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে ৬ মাস বয়সী এক শিশু ও এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে বাদল (২৫) এবং ৬ মাস বয়সী শিশু আলী হায়দার। তবে নিহত শিশুর পিতার নাম ও ঠিকানা জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার থেকে বিজয়নগরের বীরপাশাগামী একটি যাত্রীবাহী বাস বেজুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাদল ঘটনাস্থলেই মারা যান।
পথচারীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নন। তবে নিহত শিশুর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
আরওপড়ুন …চুরির অপবাদে প্রতিবন্ধী কিশোর নির্যাতনের শিকার, থানায় অভিযোগ।
Subscribe to get the latest posts sent to your email.