
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে সংগ্রহ করা বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নোয়াহাটি বাজারসংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়। হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মূলী বাঁশবোঝাই মিনি ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩) আটক করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে হেফাজতে রাখা হয়।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চলছে। বনসম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জব্দ করা বাঁশ ও মিনি ট্রাকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
আরওপড়ুন…. মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার