
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে সরকারি রাস্তা দখল করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান ভূইয়া। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর বুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরগ গ্রামের দক্ষিণপাড়া থেকে সাহাবুদ্দিনের বাড়ি হয়ে দক্ষিণ বরগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন প্রায় দুই থেকে চার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় পাঁচ বছর আগে গ্রামের জসিমের বাড়ির পশ্চিম পাশে সরকারি রাস্তার একটি অংশ দখল করে কাসেম মিয়া, মাছুম ও হানিফ মিয়া দালান নির্মাণ করেন। এতে রাস্তার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে ২০২১ সালের ৬ এপ্রিল এবং ২০২৪ সালের ২৩ মে একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান ভূইয়া বলেন, সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরওপড়ুন……. তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, পঞ্চায়েত নির্বাচনসহ নানা দাবি