
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় ২০ পিস ইয়াবাসহ মো. ইকবাল মিয়া নামের এক যুবককে আটক করেছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. ইকবাল মিয়া উপজেলার মানিকপুর পূর্ব বাল্লা এলাকার মো. ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয়দের দাবি, মো. ইকবাল মিয়ার বসতঘরের সামন থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. ইকবাল মিয়া নামের এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
তাদের অভিযোগ, মাদকের সঙ্গে জড়িত কথিত মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাই শুধু খুচরা পর্যায়ের নয়, মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আরওপড়ুন…… নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা