
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের ১৪ জন দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় পরিচালিত চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে তিনজনের সফল চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এতে পরিবারটির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
জানা যায়, সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় জেলা প্রশাসন পরিবারটির চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেয়। এরপর বিএনএসবি চক্ষু হাসপাতাল চিকিৎসাসেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
চিকিৎসার অংশ হিসেবে একই পরিবারের ১৪ জনকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজনের চোখ সম্পূর্ণ সুস্থ পাওয়া যায়। আরও দুজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। বাকি ১১ জনের ক্ষেত্রে চিকিৎসকদের মতে চোখের অস্ত্রোপচার প্রয়োজন।
অস্ত্রোপচার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অবহিত হওয়ার পর পরিবারের সম্মতিতে তিনজনের চোখের অস্ত্রোপচার করা হয়।
বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনটি অস্ত্রোপচারই সফল হয়েছে। পরদিন রোগীদের চোখের ব্যান্ডেজ খুলে তাদের দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।
এদিকে অস্ত্রোপচার প্রয়োজন এমন আরও আটজনের ক্ষেত্রে পরিবারের সম্মতি না পাওয়ায় আপাতত অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে পরিবারের সম্মতি মিললে পর্যায়ক্রমে তাদেরও অস্ত্রোপচার করা হবে।
বিএনএসবি চক্ষু হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডা. আমিনুল ইসলাম সোহাগ বলেন, “যাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করা হবে। ইতিবাচক ফলাফল দেখা গেলে পরিবারের মতামতের ভিত্তিতে অন্যদেরও পর্যায়ক্রমে অস্ত্রোপচার করা হবে।”
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির চিকিৎসা, প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সফল অস্ত্রোপচারের ফলাফল দেখে পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা গ্রহণে আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, চিকিৎসক, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার-এর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম উমেদ আলী ও শামীম আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, কামারচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, কামারচাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফুর রহমান, আসগর আলীসহ অনেকে।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার সময় গণমাধ্যমে একই পরিবারের বহু সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধিতার বিষয়টি প্রকাশিত হলে রাজনগর উপজেলা প্রশাসন ও মৌলভীবাজার জেলা প্রশাসনের নজরে আসে। এরপর দ্রুত তাদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিবারটির জন্য আর্থিক ও মানবিক সহায়তার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। প্রশাসনের এ মানবিক পদক্ষেপে পরিবারটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরওপড়ুন….. জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা