
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় সরকারি রাস্তার পাশের গাছ চুরি ও ক্রমবর্ধমান চুরি-ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘিলাতলী আখড়া এলাকায় আবু মিয়ার সভাপতিত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাতলী ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. সোলায়মান হাজারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার পাশের গাছ চুরি এবং এলাকায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদেই ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ শেষে বক্তারা বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
এ সময় প্রধান আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন এবং বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশরফ হোসেন। এছাড়া শ্রমিক দল নেতা মো. আশিক মিয়া ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি দাবি জানান—সরকারি সম্পদ রক্ষা ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য।
আরওপড়ুন……মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি চেয়ে এলাকাবাসীর দাবি
Subscribe to get the latest posts sent to your email.