
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি।
শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পুশ-ইনের প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করেন।
পরে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে যেকোনো অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”
আরওপড়ুন…… মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন