
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মাধবপুর পৌরসভার মাধবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারে জনৈক আল আমিনের মালিকানাধীন ‘বিউটি খাবার হোটেল’-এর তৃতীয় তলায় অবস্থিত ‘তাজ মহল আবাসিক হোটেলে’ অভিযান চালানো হয়। সেখানে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করে সামাজিক শান্তি নষ্ট করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নির্দেশে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র সরকার, এসআই (নিরস্ত্র) মো. ওবায়দুল কবির, এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র সরকার, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ একরামুল হক এবং নারী কনস্টেবল ১৩৪৩ ফারজানা আক্তার ও নারী কনস্টেবল ১৭৮ আফসানা আক্তারসহ থানা এলাকায় টহলরত কিলো-৩-এর কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানকালে হোটেলের তৃতীয় তলা থেকে ১০ জন নারী-পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আঃ রশিদ (৩১), মো. রুবেল (২৫), মো. সজিব মিয়া (২০), মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুমাইয়া (২০), মো. তোফাজ্জল (২৫) এবং সুরঞ্জিত পাল সোহেল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বাড়ি নীলফামারী, ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে একজনকে হোটেল ম্যানেজার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আরওপড়ুন….. লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক।